দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের ব্যাংকিং খাতের ভিত্তি শক্তিশালী করতে ৪৫০ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটির নির্বাহী পরিচালক পর্ষদ এই নতুন আর্থিক সহায়তার বিষয়টি নিশ্চিত করেছে।‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ শীর্ষক এই প্রকল্পের মাধ্যমে মূলত দেশের ক্ষুদ্র আমানতকারীদের আমানত বীমা ব্যবস্থা জোরদার করা হবে।
এর ফলে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তদারকি সক্ষমতা ও অভ্যন্তরীণ ঝুঁকি তদারকি ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক উন্নত হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি ব্যাংক পুনর্গঠন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রয়োজনীয় সংস্কারের একটি মজবুত ভিত্তি তৈরি করবে। পাশাপাশি এর আওতায় ডিপোজিট প্রোটেকশন ফান্ডের মূলধন বৃদ্ধি, কার্যকর জরুরি তারল্য সহায়তা কাঠামো প্রতিষ্ঠা এবং ব্যাংক পুনর্গঠনের জন্য বিশেষ কৌশল প্রণয়ন করা হবে।কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাস শেষে দেশে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য ব্যাংকগুলোর গড় ৭ দশমিক ৯ শতাংশের তুলনায় অনেক বেশি। এছাড়া গত ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত ছিল ঋণাত্মক ২ দশমিক ৬ শতাংশ। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে বলেন, বাংলাদেশের ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনের জন্য একটি স্থিতিশীল আর্থিক খাত প্রয়োজন হলেও বর্তমানে তা ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে।
এই প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি অবকাঠামো আধুনিকায়ন করা হবে, যা ক্রমবর্ধমান সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং তথ্য বিশ্লেষণ সংক্রান্ত ঘাটতি দূর করতে সাহায্য করবে। বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ আর্থিক খাত বিশেষজ্ঞ তোশিয়াকি ওনো জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং এশীয় উন্নয়ন ব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্প ব্যাংকিং খাতের সম্ভাব্য সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা অনেক বাড়িয়ে দেবে।